বিনোদন দুনিয়ায় একটি কথা খুব প্রচলিত- আলোচনায় থাকতে হবে। এই আলোচনায় থাকতে গিয়ে অনেকেই অনেক কিছু করেন। তবে ভালো কাজ দিয়ে আলোচনায়ই থাকতে চান সবাই। কিন্তু কাউকে নিয়ে সমালোচনাও হয়। আমাদের আজকের আয়োজন চলতি বছরের আলোচিত নায়িকাদের নিয়ে…
জয়ার ‘কণ্ঠ’
বছরের সবচেয়ে আলোচিত নায়িকা বলা যায় জয়া আহসানকে। আলোচনায় থাকার অনেক কারণের মধ্যে অন্যতম তার অভিনীত ‘কণ্ঠ’ ছবিটি। বাংলাদেশে ৮ নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটি। ছবিটি নিয়ে জয়া বলেন, ‘আমার অভিনীত কলকাতার সিনেমা নিজ দেশে মুক্তি পাচ্ছে, এটা সত্যি আনন্দের। সিনেমাটির জন্য শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় বাংলাদেশে এসেছিলেন।’ বাগযন্ত্রের ক্যানসারে আক্রান্ত একজন মানুষের গল্পে নির্মিত হয়েছে ‘কণ্ঠ’। ছবিতে স্পিচ থেরাপিস্টের চরিত্রে দেখা গেছে জয়া আহসানকে।
‘বিশ্বসুন্দরী’ পরীমনি
সমালোচকরা প্রায়ই বলে থাকেন- বাংলাদেশের চলচ্চিত্রের স্বর্ণযুগ অনেক আগে চলে গেছে। তবে পরীমনির মতো প্রতিভাবান শিল্পীরা সেই দিনগুলোকে ফিরিয়ে আনার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। সংক্ষিপ্ত অথচ গৌরবময় চলচ্চিত্র ক্যারিয়ারে ইতোমধ্যে শাকিব খান, আরেফিন শুভ, সাইমন সাদিক, বাপ্পি চৌধুরীর মতো বর্তমান সময়ের জনপ্রিয় প্রায় সব অভিনেতার বিপরীতেই দেখা গেছে পরীমনিকে। চলতি বছরের ডিসেম্বরে মুক্তির প্রস্তুতি চলছে পরীমনির নতুন ছবি ‘বিশ্বসুন্দরী’র। শুরু থেকেই বেশ আলোচনায় নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত এই চলচ্চিত্র। ছবিতে প্রথমবারের মতো সিয়ামের সঙ্গে জুটি বেঁধেছেন পরীমনি।
‘জিন’ পূজা চেরি
হরর ছবি খুব একটা হয়নি আমাদের দেশে। এবার হরর ছবিতে অভিনয় করে আলোচনায় চিত্রনায়িকা পূজা চেরি। নূরজাহান, পোড়ামন ২ ও দহনের পর ভৌতিক চলচ্চিত্র ‘জিন’-এ অভিনয় করেছেন পূজা চেরি। ছবিটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায়। পূজা বলেন, ‘জিন একটি ভৌতিক ছবি। এতে আমার নাম মোনালিসা। ছবিতে দেখা যাবে আমার ওপর জিন ভর করেছে এবং এটা নিয়েই নানা ঘটনা ঘটে। এভাবেই ছবির গল্পটি এগিয়ে যায়।’
নাটকে মেহজাবিন
বেশ কয়েক বছর ধরে ছোটপর্দার অভিনেত্রীদের মধ্যে নিজের সহজাত অভিনয় দিয়ে দর্শক, নির্মাতা, সহশিল্পীদের কাছে আলোচনার শীর্ষে রয়েছেন এ প্রজন্মের নন্দিত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নিজের অভিনীত নাটকগুলো দর্শকের মধ্যে সাড়া ফেলায় বরাবরের মতোই উচ্ছ্বসিত মেহজাবিন। তিনি বলেন, ‘বিভিন্ন নাটক প্রচারের পর অনেকেই আমাদের অভিনীত নাটকগুলো নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য লেখেন। আবার দিকনির্দেশনামূলক কথাও লেখেন। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আপনারা নিজেরা যেহেতু সমালোচনা লিখতে পারেন, দিকনির্দেশনা দিতে পারেন, আপনারাই তো চাইলে পারেন ভালো গল্পের ভাবনা নিয়ে স্ক্রিপ্ট লিখতে।’
মিথিলার বিয়ে!
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা আলোচনায় এসেছেন সমালোচিত হয়ে! এমন এক বিষয়ে সমালোচিত হয়েছেন, যেটি নিয়ে তিনি নিজেই কথা বলতে চাচ্ছেন না। নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও বিষয়টি নিয়ে তিনি বলেছেন, ‘এটি অস্বাভাবিক কোনো ছবি নয়।’ ছবি নিয়ে ঝামেলা শেষ হতেই বিয়ের খবর আসে মিডিয়ায়। কিন্তু যাকে নিয়ে বিয়ের গুঞ্জন কলকাতার সেই নির্মাতা সৃজিত মুখার্জিকে বরাবরই ‘জাস্ট ফ্রেন্ড’ বলে আসছেন মিথিলা। কিন্তু তাদের দুজনকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় প্রায়ই। ভারতীয় গণমাধ্যমে তাদের নিয়ে সংবাদও প্রকাশ হয়।
বার্তা বাজার/এম.সি