ষষ্ঠবারের মতো ব্যালান ডি’অর পাচ্ছেন মেসি!

চলতি বছর ব্যালান ডি’অর জিততে পারেন লিওনেল মেসি। এমন খবর চাউর হয়েছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলোতে। আর তেমনটা হলে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দ্বৈরথে আবারও এগিয়ে যাবেন লিওনেল মেসি।

১৯৫৬ সাল থেকে ফ্রান্স ফুটবল নামের ক্রীড়া বিষয়ক পত্রিকা দিয়ে আসছে ব্যালান ডি’অর। প্রতিবছর বিশ্বের তাবৎ ফুটবলারদের পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরাকে নির্বাচিত করতে ভোট দেন সাবেক ফুটবলার আর নামজাদা ক্রীড়া সাংবাদিকরা।

২০১৮-১৯ মৌসুমে কার হাতে ধরা দেবে সোনালী বল? তার নিষ্পত্তি হবে ডিসেম্বরের ২ তারিখেই। তবে ইতোমধ্যেই ইউরোপের গণমাধ্যমে গুঞ্জন, ক্যারিয়ারের ষষ্ঠ ব্যালান ডি’অর পাচ্ছেন কাতালানদের অধিনায়ক। আর এমনটা হলে সি-আর-সেভেনের থেকে এলএমটেন’কে এগিয়ে রাখতে ভালো দলিল পাবেন মেসি সমর্থকরা। অবশ্য ২০০৯ সালে জেতা প্রথম গোল্ডেন বলটাই এখনও বেশি স্মৃতি-কাতর করে ফুটবলের ক্ষুদে যাদুকরকে।

সংবাদ অনুযায়ী, বার্সেলোনা অধিনায়ককে এরমধ্যেই জানানো হয়েছে যে তিনিই পাচ্ছেন এবারের ব্যালন ডি’অর। যদিও ফ্রান্স ম্যাগাজিদের দেওয়া এ সম্মানজনক পুরস্কারের ঘোষণা আসবে আগামী সোমবার। জানানো হয়েছে তার প্রতিদ্বন্দ্বীদেরও। সংক্ষিপ্ত তালিকায় মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী লিভারপুলের ডাচ তারকা ভার্জিল ভ্যান ডাইক। তিন জনের তালিকায় অপর নামটি রোনালদো।

এবার ফিফার বর্ষসেরা পুরস্কারও জিতেছেন মেসি। স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অরেরও ফেভারিট তালিকায় তিনি। যদিও উয়েফার বর্ষসেরা হয়েছিলেন ভ্যান ডাইক। তাই দুই জনের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতাটা তুমুল হওয়ারই কথা। মেসি পুরস্কার জিতবেন জেনে ফিফার সে বর্ষসেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না রোনালদো।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচ খেলে মেসি গোল করেন ৫০টি। কেবল লিগে ৩৬ গোল করায় জেতেন লা লিগা ও ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। চ্যাম্পিয়ন্স লিগেও ১২ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। ক্লাবের হয়ে জেতেন লিগ শিরোপা। ক্যারিয়ারের দশম লালিগা শিরোপা। কোপা আমেরিকায় তার দল আর্জেন্টিনা দখল করে তৃতীয় স্থান।

তবে মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী লিভারপুলের ডিফেন্ডার ভ্যান ডাইকও দারুণ মৌসুম কাটিয়েছিলেন। চোখ ধাঁধানো পারফর্ম করে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। লিভারপুলকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে রাখেন অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা। জাতীয় দলের জার্সিতেও সফল তিনি। নেদারল্যান্ডসকে উয়েফা নেশন্স লিগের ফাইনালে ওঠানোর পেছনে অবদান ছিল তার। আর রোনালদোও সিরি আ শিরোপার পাশাপাশি জিতেছেন সুপার কাপও। পর্তুগালের জার্সিতে নেশন্স লিগ জিতেছেন। পুরো মৌসুমে ৪৩ ম্যাচ খেলে রোনালদো গোল করেন ২৮টি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর