ঢাকার সাভারের আশুলিয়ায় তিন হোটেল মালিককে অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহনের অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো এলাকায় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপণন অফিস (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম, সহ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, সহ-কর্মকর্তা এহসানুল হক, আশুলিয়া থানার উপ-পরিদর্শক মোঃ কামরুল হাসান প্রমুখ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, আশুলিয়ার জিরাবো এলাকার হৃদয় হোটেল, মা হোটেল এবং লাঞ্চন চাইনিজ রেষ্টুরেন্ট অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহন করে গ্যাস ব্যবহার করে আসছিলো। এজন্য অভিযান পরিচালনা করে হৃদয় হোটেলের মালিক জাহাঙ্গীর আলম, মা হোটেলের মালিক শাহ আলম এবং লাঞ্চন চাইনিজ রেষ্টুরেন্ট এর মালিক বশির আহমেদ এদের প্রত্যেককে বাংলাদেশ গ্যাস আইনে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের অবৈধ সংযোগগুলিও বিচ্ছিন্ন করা হয়।
এধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বার্তাবাজার/ডব্লিওএস