ঢাকার সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক মোটরবাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। পরে মোটরবাইকটিতে আগুন ধরে গেলে বাইকটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এছাড়া ট্রাকটিতেও আগুন লেগে এর এক অংশ পুড়ে যায়।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এই দূর্ঘটনা ঘটে। ট্রাকের চালক পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মটরবাইকের আরোহী ডাঃ শাহীনকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় বলে জানা গেছে। তিনি সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট সংলগ্ন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট (বিএলআরআই) এ কর্মরত এবং দূর্ঘটনার স্থানের পাশেই সেনওয়ালিয়া নামক স্থানে বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে আগত একটি ট্রাক ( ঢাকা মেট্রো ড-৬৩১৯) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট এলাকায় একটি ইউ-টার্ণ নেয়ারত মোটরবাইকের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে আরোহী ডাঃ শাহীন ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন।
এদিকে মটরবাইকটিকে ট্রাকটি সামনে কিছুদূর বাধিয়ে নিয়ে যায়। এসময় বাইকটির পেট্রোল ট্যাংক বিস্ফারিত হয়ে ট্রাকেও আগুন লেগে যায়। ট্রাক চালক রাস্তার পাশে জ্বলন্ত ট্রাকটি রেখে পালিয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিয়ে আহত মোটরবাইক আরোহীকে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যায়। পরে ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে থাকা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মোঃ সালাম জানান, ট্রাকের ধাক্কায় বাইকের আরোহী গুরুতর আহত হন এবং তার বাইকটি আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়। ট্রাকের চালক পলাতক এবং ট্রাকটিকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।
সাভার ডিইপিজেড এর স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল এর আরোহী গুরুতর আহত হয়েছেন বলে জেনেছি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বাইকটি সম্পূর্ণ পুড়ে গেছে। আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বার্তা বাজারকে তিনি আরও জানান, ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। মহাসড়কের সিসি ক্যামেরার ফুটেজ দেখে কিভাবে দূর্ঘটনা ঘটেছে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এমকে