সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল মধ্যেপাড়া এলাকায় রেললাইন ঘেঁষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর’র (এলজিইডি) পাকা রাস্তা নির্মান কাজ বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এ ঘটনায় সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ বুধবার (২৭ নভেম্বর) রাস্তা পরিদর্শন করে ঠিকাদার প্রতিষ্ঠানকে কাজ অপসারনের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় ও কামারখন্দ উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, অত্র উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল মধ্যেপাড়া এলাকার আব্দুল মজিদের বাড়ী হতে আব্দুল আজিজ’র বাড়ী পর্যন্ত ৩৭০ মিটার রাস্তা পাকা করনের জন্য ৪৪ লক্ষ ৮৩ হাজার ৬শত ৬২ টাকা নির্মান ব্যয় ধরে টেন্ডার দেয়া হয়।
এতে মেসার্স নূর এন্টারপ্রাইজ কামারখন্দ নামক প্রতিষ্ঠানটি কাজ পায়। যার কার্যাদেশ দেয়া হয় (১৪ জুলাই, ২০১৯) ও শেষ ( ৩০ জুন, ২০২০)। সে অনুযায়ী রাস্তা পাকা করনের কাজটি মঙ্গলবার (২৬ নভেম্বর) শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান। পরে রাস্তা নির্মানের বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ জানতে পারলে কাজটি বন্ধ করে দেয়।
এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স নূর এন্টার প্রাইজ’র স্বত্তাধিকারি মো. আবুল কাশেম জানান, রেলওয়ের জায়গা হওয়ায় রেলওয়ের লোকজন ও জিআরপি থানার পুলিশ এসে কাজটি বন্ধ করে দিয়েছে।
এদিকে এলজিইডি’র কাজ শুরু হওয়া রাস্তাটির জায়গা রেলওয়ের নিশ্চিত করে সিরাজগঞ্জ বাজার রেল স্টেশনের উদ্ধর্তন উপ-সহকারি কার্য্য মো. জুয়েল মিয়া জানান, রেলওয়ের কোন অনুমোদন ছাড়া এলজিইডি’র পাকা রাস্তা নির্মান কাজ শুরু করায় কাজটি বন্ধ করে দেয়া হয়েছে।
এ বিষয়ে কামারখন্দ উপজেলা প্রকৌশলী মো. সানজিদ আহম্মেদ বলেন, জায়গাটি রেলওয়ের হওয়ায় কাজটি উর্ধতনের নির্দেশে বন্ধ করা হয়েছে।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান’র সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমি জানতে পেরে রাস্তার কাজটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।
বার্তাবাজার/ডব্লিওএস