ইবি ছাত্রলীগ নেতার ছাত্রত্ব যাচাইয়ে তদন্ত কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ছাত্র এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী কোটায় ভর্তি এবং ৪ বছরের স্নাতক কোর্স ৯ বছরেও শেষ করতে পারেননি, এমন অভিযোগের সত্যতা যাচাইয়ে অনুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৭ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী তিন সদস্যের এ কমিটি করেন।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে,গত ২৪ ও ২৫ নভেম্বর প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী কোটায় ভর্তি হওয়ার অভিযোগ এবং “শ্রবণ প্রতিবন্ধী কোটায় ভর্তি হলেও স্নাতক সম্মান ৪ বছরের কোর্স ৯ বছরের শেষ করতে পারে নাই” এ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এ ঘটনার তদন্ত করতে তিন সদস্যের কমিটি করেছে প্রশাসন। এতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরোয়ার মোর্শেদকে আহবায়ক এবং ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. সালমা সুলতানাকে সদস্য ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদকে সদস্য সচিব করা হয়েছে।

উক্ত কমিটিকে যথাশীঘ্র সম্ভব উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।কমিটি পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই করবে বলে জানা গেছে।

এবিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর