পাসপোর্ট ভিসা ছাড়া অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পথে বেনাপোল গাতিপাড়া সীমান্ত থেকে সাত জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
বুধবার (২৭ নভেম্বর) সকালের দিকে তাদেরকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ,একজন নারী ও দুজন শিশু। তাঁরা বাগেরহাট, বরিশাল ও ভোলার বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সকালে ভারতের কালিয়ানী থেকে বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া সীমান্ত দিয়ে আটক হওয়া সাতজন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। গাতিপাড়া গ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় সকাল আটটার দিকে বিজিবির টহল দল তাঁদেরকে আটক করেন।তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন,ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে এক বছর আগে ভারতে গিয়েছিলাম।
ভারতের বেঙ্গালুরু শহরে তাঁরা কাগজকুড়ানি ও বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।সেখানে এখন তেমন কাজ নেই।এ জন্য তাঁরা বিনা পাসপোর্টে দেশে ফিরছিলেন।
এ ব্যাপারে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের অধিনায়ক সুবেদার আব্দুল ওহাব জানান, তাঁদের বিরুদ্ধে অনুপ্রবেশকারী মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/এমকে