সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ওপার বাংলার ছবি পাসওয়ার্ড। এতে জুটি বেধে অভিনয় করেছেন দেব-রুক্মিণী।
এদিকে ছবিটির মুক্তি উপলক্ষে মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ‘পাসওয়ার্ড’র আমদানিকারক শাপলা মিডিয়া। সেখানে অংশ নেন দেব। তার সঙ্গে ছিলেন ছবির নায়িকা রুক্মিণীও।
বাংলাদেশের ছবিতে অভিনয় করবেন দেব। ঢাকায় এসে নিজেই এ কথা বললেন তিনি। ঘোষণার পর পরই সাংবাদিকদের প্রশ্নোত্তরের পর অনিশ্চয়তা দেখা দিয়েছে ছবিটি নিয়ে। সন্ধ্যায় ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। অনুষ্ঠানে নতুন চলচ্চিত্রের ঘোষণাও দেন দেব। তিনি বলেন, ‘ঢাকার ছবিতে কাজ করব।’ নামও জানিয়ে দিলেন তিনি, ‘মিশন সিক্সটিন’।
দেবের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘আপনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের ছবিতে প্রথম বারের মতো অভিনয় করবেন। ছবিটি প্রযোজনা করবে শাপলা মিডিয়া। আমরা দেখছি প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার অনুষ্ঠানে নেই। তার বিরুদ্ধে অভিযোগ আছে যে, তিনি ক্যাসিনো ব্যবসার সঙ্গে যুক্ত। তার ঘনিষ্ঠ এক রাজনৈতিক নেতা এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন। এমন অবস্থায় শাকিব খান এই প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছেন, তো আপনার জন্য এই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করাটা কতটা সম্মানের হবে? আপনি এই বিষয়ে খোঁজ খবর নিয়ে কাজ করছেন কি না?’
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দেব বলেন, ‘আসলে এই বিষয়টি আমি জানি না। এটা দেশের আইনি বিষয়। এখানে আমার কিছু বলারও নেই। আমার গল্প ও প্রজেক্ট পছন্দ হয়েছে, আমি কথা দিয়েছি কাজ করব। তবে আমি বেআইনি ভাবে বাংলাদেশে কিছু করব না। আমি প্রয়োজন মতো বিষয়টি নিয়ে খবর নেব।’
সাফটা চুক্তির আওতায় ‘পাসওয়ার্ড’-এর বিনিময়ে পশ্চিমবঙ্গে যাচ্ছে শাকিব খান অভিনীত এবং শাপলা মিডিয়া প্রযোজিত ছবি ‘ক্যাপ্টেন খান’। বুবলি, মিশা সওদাগর, সম্রাট, অমিত হাসান অভিনীত এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটি মুক্তি পেয়েছিল গেল বছরের ২২ আগস্ট।
বার্তাবাজার/কে.জে.পি