সাভারে ২২শত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

ঢাকার সাভারের আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর জোনাল বিপনন অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) তিতাস গ্যাস টিএন্ডডি কোং লিঃ সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আশুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাঠগড়া দূর্গাপুর এলাকায় প্রায় ৪ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা হয়।

এতে করে ওই দুই এলাকার প্রায় ২২ শত বাসাবাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়। অভিযান চলাকালে অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজারগুলিও খুলে জব্দ করা হয়।

অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, সহ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, সহ-কর্মকর্তা এহসানুল হক প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের শ্রমিকগণ।

অভিযানের ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, ‘আজকে সকাল থেকে শুরু হওয়া অভিযানে আশুলিয়া থানাধীন আশুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাঠগড়া দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগগুলি বিচ্ছিন্ন করেছি। এখানে অবৈধ সংযোগকারীরা আমাদের মূল গ্যাসের সরবরাহ লাইন থেকে অবৈধভাবে সংযোগ পাইপ ব্যবহার করে প্রায় ৪ কিলোমিটারব্যাপী অবৈধ সংযোগ প্রদান করেছে। আমরা সেগুলি তুলে ফেলেছি। এতে আনুমানিক প্রায় ২২ শত বাসাবাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।’

গণমাধ্যমকে তিনি এসময় আরও জানান,’আপনাদের মাধ্যমে আমি জনগণের প্রতি এই আহ্বান জানাবো, আপনারা দেশের রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি করে নিজেরাও বিপদে পড়েন না এবং অন্যকেও বিপদে ফেলবেন না। কারণ ইতিপূর্বে আশুলিয়ায় নিম্নমানের ফিটিংস ব্যবহার করে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিস্ফোরণে প্রাণহানির ঘটনার কথা আমরা জানি। তাই অবৈধভাবে সংযোগ নিয়ে আপনাদের পরিবারের সদস্যদের জীবন ঝুঁকিতে ফেলবেন না।’

অবৈধ সংযোগ গ্রহনকারী এবং তাদেরকে যারা সংযোগ প্রদান করেছে এসব বাড়ীর মালিকদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়ার ভিতরে যাবেন বলেও জানান তিতাসের এই ব্যবস্থাপক।

এদিকে, কাঠগড়া দূর্গাপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালীনই গ্যাস সিলিন্ডারের দোকানে সিলিন্ডার প্রতি ৩ থেকে ৪ শত টাকা বেশী দাম চাইছে কিছু অসাধু সিলিন্ডার ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মোঃ সাজ্জাদুর রহমান এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর