চার গ্রামকে ‘পানি সংকটাপন্ন এলাকা’ ঘোষণার নির্দেশ

চট্টগ্রামের পটিয়া উপজেলার চারটি গ্রামকে পানি আইনের অধীনে ‘পানি সংকটাপন্ন এলাকা’ হিসেবে ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নিতে পানিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ পরিবেশবাদী আইনজীবী সমিতির করা এক রিটের ওপর শুনানি শেষে এই আদেশ দেন। পটিয়ার ৮টি শিল্প প্রতিষ্ঠান ক্রমাগত ভূগর্ভস্থ পানি উত্তোলন করায় ওই অঞ্চল পানিশূন্য হয়ে পড়ছে।

গ্রাম চারটিতে ৩০ হাজার মানুষ বাস করে। এসব গ্রামের ৩শ’ নলকূপে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। হাইকোর্ট গ্রামগুলোতে সুপেয় পানি সরবরাহেরও নির্দেশ দিয়েছে। এছাড়া, মামলাটি হাইকোর্ট বেঞ্চ নিয়মিত মামলা হিসেবে রেখেছে।

আগামী তিন মাসের মধ্যে সরকারকে এ ব্যাপারে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তাও জানাতে বলা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর