বড় ভাই সভাপতি, ছোটভাই সাধারণ সম্পাদক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে পুনরায় আলহাজ্ব মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক হিসাবে নতুন দায়িত্ব পেয়েছেন তার ছোট ভাই আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম।

সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিল শেষে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী তাদের নাম ঘোষণা করেন।

এর আগে বিকাল ৩টার সময় উপজেলা পরিষদ চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন।

উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায়ের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী।

সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাববুর রহমান খোকন, দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোস্তাক আল টুলু, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশ দত্ত টিটো, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীমসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর