দেশে এখনও গনতন্ত্র আছে বলেই বিরোধীদল সংসদে এবং মাঠে ময়দানে কথা বলতে পারছেন বলে মন্তব্য করে আ’লীগ প্রেসিডিয়াম সদস্য ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি। বিএনপি’কে উদ্দেশ্যে করে তিনি বলেছেন- মানুষের ক্ষুধা নিয়ে রাজনীতি করবেন না। যে কোন আন্দোলনে গনতান্ত্রিক পথে থাকুন, মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, দ্রব্য মূল্য নিয়ে রাজনীতি করবেন না।
নোংরা রাজনীতি পরিহার করে সরকারকে সহযোগিতা করার জন্য বিরোধী দলের প্রতি আহবান জানান মোহাম্মদ নাসিম। তিনি সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির সূচনা বক্তব্যে এসব কথা বলেন।
কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী,পৌরসভার মেয়র হাজী নিজাম উদ্দিন, মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান শওকত হোসেন সাকারসহ জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ স্ব স্ব বিভাগের উন্নয়নচিত্র এবং সমস্যা তুলে ধরে বক্তব্য দেন। এ সময় প্রধান অতিথি মোহাম্মদ নাসিম তাদের বক্তব্য ধৈর্য্য ধরে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সমন্বয় সভার সূচনা বক্তব্যে মোহাম্মদ নাসিম নিরাপদ সড়ক আইন, দ্রব্যমুল্য নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন সরকার সহনশীল আচরণে বিশ্বাস করে, কিন্তু কোন ভাবেই জনগণকে জিম্মি করে কোন আন্দোলন সমর্থন করেনা । তিনি আরও বলেন- বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের যে গতি সৃষ্টি হয়েছে, তা দক্ষিণ এশিয়ার একটি উদাহরণ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ বছর মেয়াদী যে প্রকল্প গ্রহণ করেছিলেন তা শেষ পর্যায়ে। আরো ২০ বছর মেয়াদী প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ সব প্রকল্প উপজেলা পর্যায়ে বাস্তবায়ন হবে।
বার্তাবাজার/ডব্লিওএস