শেরপুরে পিইসি পরীক্ষার্থীকে ধর্ষন

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী সংখ্যালঘু এক শিশুকে পরীক্ষা কেন্দ্রে আনা নেওয়ার কাজে নিয়োজিত পার্শ্ববর্তী বাড়ির অটোরিক্সা চালক দুই সন্তানের জনক হাবিবুল্লাহ (৩০) নামে এক পাষন্ড ওই শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন শিশুটির পরিবার। ঘটনাটি ঘটেছে ২৪ নভেম্বর রোববার বিকেলে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তর্বতী নির্জন পাহাড়ে।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামের কাঠমিস্ত্রি দিলিপ চন্দ্র’র ১১ বছরের কন্যা শিশু ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। সে শিমুলতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী। তাঁর পরিবার তাকে পরীক্ষার কেন্দ্রে আনা নেওয়ার জন্য একই গ্রামের মোঃ লালা মিয়ার ছেলে অটোরিক্সা চালক হাবিবুল্লাহকে দায়িত্ব দেন। হাবিুল্লাহ প্রতিদিন বাঘবেড় সরকারী প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ওই শিক্ষার্থী সহ কয়েকজনকে তার অটোরিক্সা দিয়ে আনা নেওয়ার দায়িত্ব পালন করে।

২৪ নভেম্বর পরীক্ষা শেষে ওই শিশু সহ অন্যান্যদের নিয়ে সে পোড়াগাঁও মধুটিলা ইকোপার্কের কথা বলে বেড়াতে নিয়ে যায়। বেড়াতে গিয়ে অন্যান্য শিক্ষার্থীদের জঙ্গলে ঘুরতে দিয়ে হাবিবুল্লাহ সংখ্যালঘু ওই শিশুটিকে একা জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে শিশুটির পরিবার জানায়। পরে তাকে ভয় দেখিয়ে নিষেধ করে ঘটনাটি প্রকাশ না করার জন্য। বাড়ি ফিরলে শিশুটির অস্বাভাবিক আচরণ দেখে সন্দেহ হলে তার মা তার কাছ থেকে সমস্ত ঘটনা শুনেন। ২৫ নভেম্বর সোমবার সকালে শিশুর মা ও প্রতিবেশী শান্তী চন্দ্র পাল কে সঙ্গে নিয়ে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে শেরপুর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেন।

আবাসিক মেডিক্যাল অফিসার হানিফ আহমেদ তৌফিক বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা শেষে শেরপুর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেছি।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের বক্তব্য অনুযায়ী তাকে ধর্ষণ করা হয়েছে। নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য শেরপুর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে। পুলিশের দুটি টিম অভিযুক্তকে গ্রেফতারের জন্য মাঠে কাজ করছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর