চাঁদার দাবিতে দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সেই সাথে সন্ত্রাসীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করার দাবিতে স্থানীয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন উপজেলার সর্বস্তরের জনগণ।
সোমবার বেলা ১১টায় উপজেলা সদর বাজারের বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমানের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়।

ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবুল কাশেম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর কমিশনার মিজানুর রহমান মিজান,জেলা কৃষক লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য তৌকির আহমেদ ডালিম, জেলা পরিষদ মহিলা সদস্য বিউটি বেগম, জেলা যুবলীগের সদস্য কামরুজ্জামান কদর, আসিপ মাহমুদ শাহীন, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রাজীব,বুড়াইচ ইউপি প্যানেল চেয়ারম্যান তরিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় উদ্দৌলা, জেলা কৃষক লীগের সদস্য আসাদ মিয়া, পৌর কৃষক লীগের আহ্বায়ক আওয়াল ফকির, গোপালপুর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী, পৌর আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের সমন্বয়কারী মো. আলতাব হোসেন ও খায়রুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগ নেতা মুজাহিদুল ইসলাম নাঈম ও উপজেলা যুবলীগ নেতা নূরউদ্দীন ইসলাম পরাগ প্রমুখ।
প্রসঙ্গত,গত শনিবার দুপুরে শীর্ষ সন্ত্রাসী শাহাদত পরিচয়ে দোলনের ব্যক্তিগত মোবাইল ফোনে চাঁদার দাবিতে প্রাণনাশের হুমকি দেয়া হয়।এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দোলন।রমনা মডেল থানার জিডি নম্বর ১৪৪৫, তারিখ ২৩.১১.২০১৯। জিডির তদন্ত করছেন রমনা মডেল থানার উপপরিদর্শক রাজিব হাসান।
বার্তাবাজার/ডব্লিওএস