ছেলেকে আঘাত করার অভিযোগ করতে গিয়ে মার খেলেন বাবা

ছেলেকে মারধরের কারণ জানতে গিয়ে উল্টো ওই যুবকের কাছে মারধরের শিকার হয়ে বাবা রফিকুল ইসলাম রফিককে (৪০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার রাতে উপজেলার ভাদাই ইউনিয়নের বুড়িরবাজার নামক স্থানে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে যুবক রিপন হাসান লিজুকে (২০) গ্রেফতার করেছে।

আহত রফিক উপজেলা সদরের আদিতমারী গ্রামের বাসিন্দা। লিজু একই এলাকার নুর হকের ছেলে। এ ঘটনায় রাতেই রফিক বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা যায়, রবিবার উপজেলা সদরের বুড়ির বাজারের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে নোমান হাসান (১২) তার সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে ব্যাটমিন্টন খেলছিল। এ সময় ওই গ্রামের রিপন হাসান লিজু (২০) নোমানের শরীরে বাইসাইকেল তুলে দেয়। এতে আঘাত পেয়ে নোমান ঘটনাস্থলেই কান্না করতে থাকে।

বিষয়টি রফিকুল ইসলাম জানতে পেয়ে ছেলেকে নিয়ে আঘাতকারী লিজুর বাবার বুড়িরবাজারে হার্ডওয়ারের দোকানে গিয়ে অভিযোগ করেন। অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে লিজু লোহার পাইপ দিয়ে ছেলের সামনে রফিকুল ইসলামকে মারধর করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রফিককে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আরিফ বলেন, আহত রফিকের মাথায় তিনটি, পায়ে দুটি সেলাই দেয়া হয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।

আদিতমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, মারধরের ঘটনায় দায়ের করা মামলায় আটক রিপন হাসান লিজুকে গ্রেফতার দেখানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর