বিবাদমান জমিতে ধান কাট নিয়ে দু’পক্ষের সংঘর্ষ এড়াতে দায়িত্ব পালনকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার এক দারোগার (এসআই) মাথা ফেটেছে।
রবিবার দুপুরে উপজেলার জাবরহাট ইউনিয়নের চন্দরিয়া দহপাড়া গ্রামে আইনীভিটা কান্দরে এ ঘটনা ঘটে। আহত দারোগার নাম সৈয়দ আবু তালেব। তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, ওই এলাকার জবেদ আলী আইনীভিটা কান্দরের প্রায় ১৫ বিঘা জমিতে এবার আমন ধান আবাদ করেন। ওই জমি নিজেদের দাবি করে একই এলাকার জনৈক করিম তাদের ২৫/৩০ জন লোক নিয়ে রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ধান কাটতে যায়। এতে জবেদ আলী পুলিশের দারস্থ হয়।
ঘটনা জানার পর থানা পুলিশ গিয়ে তাদের ধান কাটতে নিষেধ করে। এ সময় তারা উত্তেজিত হয়ে উঠে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় করিমের লোকজনের আঘাতে মাথা ফাটে দারোগা তালেবের। রক্তাক্ত অবস্থায় ঐ দারোগাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে করিমের ছেলে ফরিদ সহ ৫ জনকে আটক করে। ঘটনাস্থলে পুলিশি টহল জোড়দার করা হয়েছে। বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার কথা শুনে গনমাধ্যমকর্মীরা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহত ঐ দারোগার ছবি তুলতে চাইলে পুলিশ ছবি তুলতে দেয়নি।
ঘটনার বিষয়ে জাবরহাট ইউনিয়নরে চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, বর্তমানে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। তিনি সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।
থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, দু’পক্ষের সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ যায়। এক প্রকার সমাধানও হয়ে যায় কিন্তু ফেরার পথে ঘটনাস্থলে হঠাৎ করেই দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশের এক দারোগা আহত হয়।
বার্তাবাজার/ডব্লিওএস