ভারত কাউকে বাংলাদেশে পুশ করবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত কাউকে বাংলাদেশে পুশ করবে না। ভারত সরকার আমাদের বারবার বলেছে, এনআরসি তাদের অভ্যন্তরীণ সমস্যা।

এনআরসি ইস্যু নিয়ে কিছু ‘ফড়িয়া’ তৎপর উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতের নাগরিক পঞ্জি বা এনআরসি তালিকা থেকে বাদপড়াদের নিয়ে মাঝেমধ্যে কিছু তথ্য বের হয়। কিন্তু পরে দেখা গেছে এসব তথ্য সঠিক নয়।

রোববার সিলেট সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি রোববার দুপুরে সিলেট জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ নেন।

জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর প্রায় দুই কোটি শিক্ষার্থীকে বৃত্তি দেন। এতে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়ে। বিশেষ করে নারী শিক্ষার অগ্রগতিতে শিক্ষা বৃত্তি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

তিনি আরও বলেন, একজন নারী শিক্ষিত হলে একটি পরিবার, একটি গ্রাম সর্বোপরি দেশ শিক্ষিত হয়। তাই শিক্ষাক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লে পুরো দেশ উপকৃত হবে।

সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ বছর ২১৮ শিক্ষার্থীকে ১৫ লাখ ৭ হাজার ৫০০ টাকা বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকের চিফ পেট্রন ড. আহমদ আল কবীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী দেবজিৎ সিংহ প্রমুখ।

এদিকে রোববার বিকেলে নগরীর উপকণ্ঠ খাদিমনগরে সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান।

বার্তাবাজার/এইচআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর