চট্টগ্রামের পাথরঘাটায় ঘটিত ভয়াবহ গ্যাস বিস্ফোরণ ঘটনার প্রকৃত কারণ ছিল গ্যাস লাইনের লিকেজ

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০১৯ঃ চট্টগ্রামের পাথরঘাটায় ঘটিত ভয়াবহ গ্যাস বিস্ফোরণ ঘটনার প্রকৃত কারণ ছিল গ্যাস লাইনের লিকেজ।

আজ রোববার (২৪ নভেম্বর) জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়, রাইজার থেকে গ্রাহকের পাইপ লাইনের অংশে লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর সকাল বেলা নগরীর পাথরঘাটা ব্রিকফিল্ড রোডে অবস্থিত বড়ুয়া ভবনের নিচ তলায় প্রচন্ড ও ভারী এক বিস্ফোরণে শিশু সহ সাতজন নিহত হন ও ১২জন আহত হন। সেই সাথে আশ পাশের ভবন ও কয়েকটি দোকানপাটও ক্ষতির সম্মুখীন হয়।

বিস্ফোরণের কারণ হিসেবে ভবনের বাসিন্দা, স্থানীয় জনগণ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সকলেই বিস্ফোরণের কারণ হিসেবে গ্যাস লাইনের লিকেজকে দায়ী করলেও কেজিডিসিএল’র (কর্ণফূলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) কর্মকর্তাদের দাবি ছিল গ্যাস লাইনের লিকেজ হতে নয় বাড়ির সেপটিক ট্যাংক হতে বিস্ফোরণ ঘটেছে।

সকাল ও বিকালে দুই দফা ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ, ছবি ও ভিডিও বিশ্লেষণ করে কেজিডিসিএলের মহাব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আবু নসর মোহাম্মদ সালেহ’র দাবি ছিল কোনভাবেই গ্যাসলাইনের লিকেজের দরুন বিস্ফোরণ ঘটেনি।

তবে ঘটনার সাত দিন পর আজ রোববার জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির রিপোর্টে জানা গেল ভিন্ন কথা। জেলা প্রশাসনের তদন্তে বলা হচ্ছে গ্যাস রাইজারের লিকেজ হতেই বিস্ফোরণ ঘটেছিল। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ জেড এম শরীফুল ইসলাম রোববার বলেন, “রাইজার থেকেই গ্রাহকের পাইপ লাইনের অংশে লিকেজের দরুন এ বিস্ফোরণ হয়েছে।”

জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি ১৩ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে এ ধরনের দুর্ঘটনা নিরোধে পাঁচটি সুপারিশও করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর