চট্টগ্রামের আগ্রাবাদে বহুতল ভবনে আগুন

বানিজ্যিক এলাকা আগ্রাবাদের গোসাইলডাঙ্গা এলাকায় প্যাসিফিক জিন্স নির্মাতা প্রতিষ্ঠান প্যাসিফিক গ্রুপের নির্মাণাধীন পাঁচ তারকা হোটেল ম্যারিয়েটে ঘটেছে ভয়াবহ অগ্নিকান্ড।

রোববার (২৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বারিক বিল্ডিং এলাকায় প্যাসিফিক গ্রুপের মালিকানাধীন ২৮ তলা বিশিষ্ট একটি বহুতল ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘ওয়েল্ডিংয়ের স্ফুলিঙ্গ হতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। নির্মাণাধীন ভবনটির দোতলায় দেওয়ালবিহীন স্টোর রুমে প্রচুর কাগজপত্র ও রাবার জাতীয় বস্তু ছিল।

ভবনের উপরে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের স্ফুলিঙ্গ এসে অরক্ষিত স্টোর রুমে কাগজপত্রের উপর গিয়ে পড়লে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুটি গাড়ি দ্রুত এসে আগুন নেভানোর কাজ করে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিভাতে সক্ষম না হলে আশপাশের অন্যান্য স্থাপনায় আগুন ছড়াতে পারতো।’

তিনি আরো বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করে কাজ করলে এমন দুর্ঘটনা ঘটতোনা। নিরাপত্তাহীনতার অভাবেই এমন ঘটেছে। ভবনে দাহ্য পদার্থ থাকাতে আগুন ও প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছিল।’

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা। তবে তদন্ত চলছে। তদন্ত শেষে নিশ্চিত করে বলা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ঘটেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর