ভয়াবহ বায়ু দূষণের কারণে ভারতের দিল্লির বাসিন্দাদের গড় আয়ু কমে আসছে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বিশ্লেষকরা। শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হয়ে এখন দিল্লির বহু মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দূষণ ক্রমেই ছড়িয়ে পড়ছে আশপাশের অঞ্চলে। এ অবস্থায় রাজধানীজুড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ধুলা নিয়ন্ত্রণে পানি ছিটাতে মাঠে নেমেছেন।
ভারতের রাজধানী নয়াদিল্লি এখন এক দূষণের শহর। শহরের বাসিন্দারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ভারত ও যুক্তরাষ্ট্রের আলাদা গবেষণা বলছে, বায়ু দূষণের কারণে স্থানীয়দের ১০ থেকে ১৭ বছর পর্যন্ত কমছে গড় আয়ু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বর্তমানে দিল্লির বাসিন্দারা সহ্যসীমার চেয়ে প্রায় ২৫ গুণ বেশি বিষাক্ত বাতাসে শ্বাস নিচ্ছেন। দিন যত গড়াচ্ছে, দিল্লির দূষণ ছড়িয়ে পড়ছে আশপাশের অঞ্চলেও। যদিও কর্তৃপক্ষের দাবি, ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। এছাড়া চলতি সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এতে পরিবেশ কিছুটা উন্নতি হতে পারে। আপাতত ধুলা ময়লা কমাতে শহরের মোড়ে মোড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটানোর কাজ করছেন।
দিল্লির দূষণ পৌঁছে গেছে পাকিস্তানের লাহোরে। ভারতের উদাসীনতার কারণেই লাহোর আজ ক্ষতিগ্রস্ত বলে অভিযোগ পাকিস্তান কর্তৃপক্ষের।
নানামুখী পদক্ষেপের পরও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দিল্লির বায়ুদূষণ। ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন ভারতের পরিবেশ মন্ত্রীও। অব্যাহত এই দূষণের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করছে বিভিন্ন মহল।
বার্তাবাজার/কে.জে.পি