নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হারুন (২৫) নামে এক ইজিবাইক চালক খুন হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাত এগারোটার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। নিহত হারুন জামালপুর জেলার ফুলপুর থানার বাষট্টি গ্রামের ইমাম হোসেনের ছেলে। একই থানার শাসনগাঁও এলাকার গনি মিয়ার বাড়িতে সস্ত্রীক ভাড়ায় বসবাস করে এবং স্থানীয় শরীফ মিয়ার ইজিবাইক ভাড়ায় চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তাবলী ফেরি ঘাটের কাছে অজ্ঞাত দুর্বৃত্তরা ইজিবাইক চালক হারুনকে বুকে ছুরিকাঘাত করে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে ফতুল্লা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যাত্রীবেশে কেউ তাকে পূর্বশত্রুতা থেকে হত্যা করতে পারে।
ওসি আসলাম হোসেন আরো বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি আমরা তদন্ত করছি। পরে বিস্তারিত জানানো হবে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
বার্তাবাজার/এমকে