কক্সবাজারে অস্ত্রসহ আত্মসমর্পণ করলো ৯৬ জলদস্যু

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ৯৬ জন জলদস্যু, অস্ত্র কারিগর ও সন্ত্রাসী।

আজ দুপুরে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে কক্সবাজারে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম।পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আবসার, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানস্থলে আত্মসমর্পণকারী ৯৬ জলদস্যুকে ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। এ সময় তাঁরা ১৫৫টি দেশীয় অস্ত্র, ২৭৫ রাউন্ড কার্তুজ ও অস্ত্র তৈরির মেশিন জমা দেন।জলদস্যু ও অস্ত্র কারিগরদের আত্মসমর্পনে মধ্যস্থতা করেন বেসরকারি টেলিভশন আনন্দ টিভির চট্টগ্রাম ব্যুরো অফিস ইনচার্জ সাংবাদিক এমএম আকরাম হোসাইন।অনুষ্ঠানে তাঁকে সংবর্ধিত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার বদ্ধপরিকর দেশকে সন্ত্রাস ও দস্যুমুক্ত করার জন্য। এক্ষেত্রে সন্ত্রাসীদের গডফাদার যতই শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। হোক এমপি, হোক রাজনীতিবিদ কাউকে ছাড় দেয়া হবে না।’

২০১৮ সালের ২০শে অক্টোবর সন্ত্রাসের জনপদ খ্যাত মহেশখালীতে সশস্ত্র ৪৩ জন জলদস্যু আত্মসমর্পণ করেন। এরপর এবার আত্মসমর্পণ করলো ১২টি বাহিনীর ৯৬ জলদস্যু ও অস্ত্র কারিগর।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর