চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার পূর্ব কধুরখিল এলাকায় চারটি বাচ্চা হাতি সহ নয়টি হাতির একটি পাল লোকালয়ে ঢুকে পড়েছে। এতে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২৩ নভেম্বর) ভোরের দিকে হাতিগুলো লোকালয়ে ঢুকে পড়ে। কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্তও হাতিগুলো এলাকা ছেড়ে যায়নি। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ধারণা, প্রায় ১০-১২ কিলোমিটার দূরের করলডেঙ্গা পাহাড় থেকে হাতিগুলো লোকালয়ে ঢুকে পড়েছে।
উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা হাতিগুলোকে নিরাপদে পাহাড়ে ফিরিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছেন।
বোয়ালখালী উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুন বলেন, সকাল থেকে হাতিগুলোকে নিরাপদে পাহাড়ে ফিরিয়ে নেয়ার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু এখনও তারা লোকালয় ছেড়ে যায়নি। তবে তারা কোন ক্ষয়ক্ষতি করেনি।
তিনি আরো বলেন, এখন শীতকাল হওয়াতে গাছ গাছালির পাতা শুকিয়ে গেছে, নদীর পানিও কমে গেছে। এছাড়া আমন ধান পেকেছে। হতে পারে খাদ্যের খোঁজে আমন ধানের ঘ্রানে হাতির পাল লোকালয়ে এসেছে।
স্থানীয়রা জানান, সকাল হতে গ্রামবাসী হাতির আক্রমণের আতঙ্কে রয়েছেন। স্থানীয় উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও বনবিভাগের কর্মকর্তাগণ হাতিগুলোকে সরিয়ে ফেলার চেষ্টা করলেও বিকেল ৫টা পর্যন্ত হাতিগুলোর অবস্থান ছিল পূর্ব কধুরখিল বাইতুল ফালাহ জামে মসজিদের সুপারি বাগান এলাকায়।
উল্লেখ্য, গত পরশু ২১ নভেম্বর লোহাগাড়া সদর ইউনিয়নের লম্বাদিঘীর পাড় এলাকায় ১০-১২টি হাতির একটি দল এভাবে ভোর সকাল হতে লোকালয়ে অবস্থান করতে দেখা যায়। হাতি কোন প্রকার আক্রমণ না করলেও হাতির পদচারণায় বেশ কিছু আমন ধান নষ্ট হয়ে যায়।
বার্তাবাজার/ডব্লিওএস