হিযবুত তাহরী’র ১৫ সদস্য গ্রেফতার

বন্দর নগরী চট্টগ্রামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস ও জঙ্গি বিরোধী অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরী’র আঞ্চলিক নেতা সহ ১৫ সদস্যকে আটক করা হয়েছে।

সিএমপির দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ মুহাম্মাদ আবদুর রউফের নেতৃত্বে শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে শুরু করা অভিযানে ১৩ জনকে চান্দগাঁও আবাসিক এলাকার এক বাসা হতে এবং ২ জনকে বায়েজিদ থানা এলাকার এক বাসা থেকে আটক করা হয়।

হিযবুত তাহরির আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলম (৩৯) ছাড়া গ্রেফতারকৃত অন্যরা হলেন, আব্দুল্লাহ আল মাহফুজ (৩০), মোহাম্মদ ইমতিয়াজ ইসমাইল (২৫), মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী (২২), মোহাম্মদ নাজমুল হুদা (২৭), মোহাম্মদ লোকমান গনি (২৯), মোহাম্মদ করিম (২৭), আব্দুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান প্রকাশ রানা (২০), মোহাম্মদ আরিফুল ইসলাম (২০), মোহাম্মদ আজিম উদ্দিন (৩১), ফারহান বিন ফরিদ প্রকাশ রাফি (২৩), মোহাম্মদ আজিমুল হুদা (২৪), ওয়ালিদ ইবনে নাজিম (১৫), মোহাম্মদ সম্রাট (২২)।


পুলিশ কমিশনার আমেনা বেগমের ছবি

শনিবার সকালে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার (অপরাধ) আমেনা বেগম।


উদ্ধারকৃত মালামালের ছবি

তিনি বলেন, এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু নগদ টাকা সহ ল্যাপটপ, পেনড্রাইভ, মোবাইল, জিহাদি বই, লিফলেট ও সংগঠনের পতাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে চার জনই হলেন বিভিন্ন নামি-দামি স্কুলের শিক্ষক। আর বাকিরা কলেজ পড়ুয়া ছাত্র।

সিএমপি’র উপ পুলিশ কমিশনার এসএম মেহেদী হোসেন বলেন, তারা তাদের সাংগঠনিক কাজের অধিকাংশত বিভিন্ন স্কুল কলেজের মেধাবী শিক্ষার্থীদের বেছে নেয়।

সিএমপি দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার শাহ আবদুর রউফ বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে আবুল মোহাম্মদ এরশাদুল আলম (৩৯) হিযবুতের চট্টগ্রাম মহানগর শাখার প্রধান এবং তিনি চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক।

গ্রেফতার হওয়া অন্যান্যদের মধ্যে আবদুল্লাহ আল মাহফুজ (৩০) হলেন হিযবুত তাহেরিতের চট্টগ্রাম শাখার দ্বিতীয় শীর্ষ নেতা। তিনি নোভারটিস ফার্মাসিউটিক্যালসের চট্টগ্রামের টেরিটরি ম্যানেজার। এছাড়া অন্যদের মধ্যে আরো তিনজন শিক্ষক সহ বাকিরা সব কলেজ স্টুডেন্ট।

গ্রেফতার ১৫ সদস্যের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাস দমন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর