তিন শিফটে অনুষ্ঠিত হবে বশেফমুবিপ্রবির তিন ইউনিটের ভর্তি পরিক্ষা

জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ইউনিটভিত্তিক সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় পরীক্ষার সময়সূচি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক লেভেল-১, সেমিস্টার-১ এর ভর্তি পরীক্ষা সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার (২৯ নভেম্বর) তিনটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১ম শিফট সকাল ৯টা থেকে ১০টা, ২য় শিফট বেলা ১১টা থেকে ১২টা, ৩য় শিফট বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১ম শিফটে ‘এ’ ইউনিট, ২য় শিফটে ‘বি’ ইউনিট, ৩য় শিফটে ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস পরে জানানো হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবার বিজ্ঞান অনুষদের অধীন গণিত বিভাগ, প্রকৌশল অনুষদের অধীন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিকস বিভাগ, বিজনেস স্টাডিজ অনুষদের অধীন ম্যানেজমেন্ট বিভাগ ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন সমাজকর্ম বিভাগের প্রতিটিতে ৩০টি করে আসনে মোট ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

প্রসঙ্গত, জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) চারটি অনুষদের অধীনে তিনটি ইউনিটে ২০১৯-২০ শিক্ষাবর্ষে এবার ১৫০টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৭ হাজার ৪৬৮টি।

এছাড়াও আলাদাভাবে ইউনিটভিত্তিক আবেদনের সংখ্যা- বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ‘এ’ ইউনিটে ৩ হাজার ৬৩১টি, বিজনেস স্টাডিজ অনুষদ, ‘বি’ ইউনিটে ১ হাজার ১০৮টি (বাণিজ্য থেকে ৪৩৪টি, অবাণিজ্য থেকে ৬৭৪টি) এবং সামাজিক বিজ্ঞান অনুষদ, ‘সি’ ইউনিটে ২ হাজার ৭২৯টি। প্রতি আসনের বিপরীতে এবার ‘এ’ ইউনিটে লড়বেন ৪০ জন, ‘বি’ ইউনিটে (বাণিজ্যে ১৯ জন, অবাণিজ্যে ৯৬ জন) এবং ‘সি’ ইউনিটে ৯১ জন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর