বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি)বিভিন্ন ফি জমা দিতে গিয়ে শিক্ষার্থীদের হয়রানি কমাতে বেসরকারি ব্যাংক ‘মেঘনা’ এর কালেকশন বুথ স্থাপন করা হয়েছে । এছাড়াও জনতা ব্যাংকের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা খুব দ্রুত স্থাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি ও ফরম পূরণসহ বিভিন্ন ধরনের ফি জমা দিতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থীদের। একারণে দীর্ঘদিন থেকে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থায়ী ব্যাংক শাখা ও কালেকশন বুথের দাবি করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ফি আদায়ের জন্য কেন্দ্রীয় ক্যাফটেরিয়ার নিচতলার উত্তরাংশে মেঘনা ব্যাংকের স্থায়ী কালেকশন বুথ স্থাপন করা হয়। এই বুথ স্থাপনের ফলে শিক্ষার্থীরা সরাসরি গিয়ে অথবা অনলাইনে বিভিন্ন ফি জমা দিতে পারবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই বুথ উদ্বোধন হবে এবং তখন থেকেই শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারবে বলে জানা গেছে।
ফি জমা দিতে গিয়ে শিক্ষার্থীদের হয়রানির বিষয়টি উল্লেখ করে বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ বলেন, বিশ্ববিদ্যালয়ে ব্যাংকের স্থায়ী শাখা ও কালেকশন বুথ না থাকায় শিক্ষার্থীদের অনেক হয়রানির শিকার হতে হতো। এখন বুথ স্থাপিত হওয়ায় তাদের হয়রানি কমবে বলে আশা করছি। স্থায়ী বুথ স্থাপন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি ।
এদিকে বিশ্ববিদ্যালয়ের মূল ব্যাংক হিসাবসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য জনতা ব্যাংক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা স্থাপিত হতে যাচ্ছে বলে জানিয়েছে জনতা ব্যাংক লালবাগ বাজার শাখার ব্যবস্থাপক ড. মোঃ আরিফুল ইসলাম। তিনি জানান, স্থায়ী শাখা নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দীর্ঘদিন থেকে আমাদের আলোচনা চলছিল কিন্তু শাখা অনুমোদনের ক্ষেত্রে কিছু জটিলতা থাকায় একটু দেরি হলো। তবে এখন যত দ্রুত সম্ভব এটি চালু হবে।
এদিকে ইতোমধ্যে কালেকশন বুথ স্থাপিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী রুবেল হোসেন আদনান বলেন, শিক্ষার্থীরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভর্তি,ফরম পূরণ সহ সব কাজে টাকা জমা দেয়ার সময় শিক্ষার্থীদের অনেক ভোগান্তিতে পরতে হত , সেই ভোগান্তি থেকে আমরা রেহাই পাচ্ছি । বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্থায়ী ব্যাংক বুথ প্রয়োজনীয় ছিল,সেই চাহিদা পূরণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই ।
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী স্বপন মাহমুদ জানান, এটা অবশ্যই ভালো দিক বলব আমি। এটা চালু করাতে অনেকটা হয়রানী কমে যাবে, ভর্তি, ফর্ম ফিলাপ-এর টাকা জমা করতে আর ভীড় জমাতে হবেনা, আর আমি মনে করি, একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ব্যাংক বুথ থাকাটা জরুরী,সেটাই পূরন হলো বেরোবিতে। স্বাগত জানাই ভিসি স্যারের এইরকম মহৎ চেষ্টাশীল মনোভাবকে ।
ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আবরার হাসান তানভীর জানান, সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে এটা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এখন ক্যাম্পাসেই তারা টাকা প্রদান ও যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে পারবে।
বার্তা বাজার/এম.সি