রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজারের টেকনাফে মো. হাসান ওরফে কমিটি হাসান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সি ব্লকের আব্দুল সালামের ছেলে।

সূত্র জানায়, হাসান রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে পরিচিত। ক্যাম্পের পশ্চিম পাহাড়ে অবস্থানকারী সশস্ত্র ডাকাত, রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠন, অপহরণকারী ও মুক্তিপণ আদায়কারী চক্র এবং মাদক কারবারি সিন্ডিকেটের সদস্যদের গ্রেফতারে আইন শৃঙ্খলাবাহিনীকে সহায়তা করত। এর আগে চিহ্নিত দুর্বত্তরা তাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে। এরপর থেকে সে প্রাণ ভয়ে পরিবার নিয়ে টেকনাফে বসবাস করছিল।

ঘটনার দিন রোহিঙ্গা ক্যাম্পে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান (মোবাইলের দোকান) বন্ধ করে টেকনাফে ফেরার পথে তাকে হত্যা করা হয়। হত্যাকারীরা অটোরিকশা(সিএনজি) থেকে নামিয়ে তাকে পাহাড়ের কাছে নিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

নিহতের স্ত্রী রফিকা জানিয়েছেন, রোহিঙ্গা সন্ত্রাসী জাকির তার স্বামীকে হত্যা করেছে। বেশ কিছুদিন ধরে তার স্বামীকে হত্যা করতে সে মরিয়া হয়ে ওঠে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর