মায়ের সঙ্গেই থাকতে চান এরিক।
চাচা জি এম কাদেরের লোভ তার সম্পত্তির ওপর এমন অভিযোগ করেছে এরশাদের ছেলে এরিক। বারিধারার প্রেসিডেন্ট পার্কের নিজ ফ্ল্যাটে শুক্রবার একথা বলেছে এরিক। এ সময় মায়ের সাথে থাকার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানায় সে। এদিকে, এরিকের মা বিদিশা সিদ্দিক বলেন, ঠিকানা পরিবর্তন নয়, ছেলের সঙ্গেই থাকার জন্যই প্রেসিডেন্ট পার্কের বাসায় এসেছেন তিনি। সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতায় আছেন বলেও জানান বিদিশা।
সোমবার মায়ের সঙ্গে থাকার আবেদন এবং স্বাভাবিক চলাচলে বাধার কথা জানিয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিদিশাপুত্র এরিক।
শুক্রবার ডাকা এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে নিজ আবেদন তুলে ধরেন এরিক। এ সময় মায়ের সাথে থাকতে না দেয়া, স্বাভাবিক চলাচলে বাধা দেয়া সহ চাচা, জাপা চেয়ারম্যান জি এম কাদেরের ওপর নানান অভিযোগ করেন তিনি।
এরিক এরশাদ বলেন, ‘আমি আমার স্বাভাবিক জীবন-যাপন করতে পারছি না। কোথাও বের হতে ভয় হচ্ছে। বের হলে এই বাড়িতে আর ঢুকতে পারবো কি-না। আর আমার চাচার আমার সম্পত্তির উপর কিছুটা লোভ আছে।’
মা বিদিশার বাসায় আসার ব্যাপারে এরিক বলেন, ‘আমার মাকেতো আমিই ডেকে এনেছি। আমি মাকে ফোন করে বলেছি- আমার খাওয়া-দাওয়ায় অসুবিধা হচ্ছে। তাই তিনি এসেছেন। তিনি নিজে থেকে আসেননি। উনি (জিএম কাদের) বলেছেন- বল প্রয়োগ করে মা এসেছেন। মা নাকি আর্মস (অস্ত্র) নিয়ে এসেছেন। এসব কথা ভিত্তিহীন, মিথ্যা। আর্মস থাকলে তো পুলিশ মাকে এখানে ঢুকতে দিত না।’
এরিক আরও বলেন, ‘আমার বাবা মৃত্যুর আগে বলে গেছেন। তোমার মাকে কোনও রকম কষ্ট দিও না। রাজনৈতিক কারণে আমি তোমার মাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি নতুন করে আর কষ্ট দিও না।’
এরিকের মা বিদিশা সিদ্দিক বলেন, ‘ঠিকানা পরিবর্তন নয় শুধুমাত্র ছেলের সঙ্গে থাকতেএখানে এসেছি। গুলশানে আমার দুইটা বাড়ি আছে। লন্ডন-আমেরিকাতেও আমার বাড়ি আছে। আমারতো বাড়ির কোন প্রয়োজন নেই।’ এ সময় রাজনীতি তার উদ্দেশ্য নয় বলেও মন্তব্য করেন বিদিশা।
জাতীয় যুব সংহতি দলের দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট পার্কের বাসায় বিদিশার সশস্ত্র অবস্থানসহ নানান অভিযোগ উল্লেখ করে হুমকির মুখে আছেন বলে জানান বিদিশা সিদ্দিক। তিনি বলেন, ‘তারা আমাকে একটা চিঠি দিয়েছে আমি নাকি সশস্ত্র অবস্থায় এখানে এসেছি। আমি মনে করি আমাকে হুমকি দেয়ার জন্য তারা এমন করছে।’
বার্তাবাজার/কে.জে.পি