সাতক্ষীরার ৩৩ বিজিবি’র কাকডাঙ্গা বিওপি’র সদস্যরা কলারোয়ার সীমান্তবর্তী ৫ নং কেড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা সীমান্ত থেকে কথিত সাংবাদিক পরিচয় দানকারী মাদক কারবারি শরিফুল ইসলাম (২৫) কে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। সে উপজেলার কেঁড়াগাছি গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
বিজিবি কাকডাঙ্গা বিওপি ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মোটরসাইকেলে করে ফেন্সিডিল নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা সীমান্ত ফাঁড়ির একটি দল চেকপোস্ট বসান।
এসময় চেকপোস্টের সামনে ওই মোটর সাইকেল কাকডাঙ্গা বিওপি’র সামনে পৌঁছালে পালানোর চেষ্টা করে। কোম্পানি কমান্ডার নূরে আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোঁসের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে থামানোর চেষ্টা করলে সে টহলরত বিজিবি সদস্যদের ভীতি প্রদর্শন করে পলায়নের চেষ্টা করে। এসময় মোটর সাইকেলসহ শরিফুল ইসলামকে আটক করে বিজিবি। পরবর্তীতে তার মোটর সাইকেলে তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিলসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালের কার্ড উদ্ধার করেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব হোসেন বলেন ,আটক শরিফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বার্তাবাজার/ডব্লিওএস