যশোর উপশহর সারথি মিল এলাকায় মেয়েকে উত্ত্যক্ত করা নিয়ে বাকবিতণ্ডার সময় মেয়ের বাবার বুকে লাথি মেরে হত্যার অভিযোগে হোসেন আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার(২২শে নভেম্বর)সকালে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন যশোর কোতোয়ালি মডেল থানাধীন এলাকার আব্দুর রাজ্জাক(৪৫)।
যশোর কোতোয়ালি মডেল থানার(ওসি)মোঃ মনিরুজ্জামান বলেন,রাজ্জাকের মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতেন হোসেন আলী।সম্প্রতি সে মেয়েটির ছবি ও অন্য কারোর সঙ্গে ফোন আলাপ রেকর্ড করে এবং অন্য একজনকে দিয়ে মেয়েটিকে কু-প্রস্তাব দেন।মেয়েটি তার প্রস্তাবে রাজি না হলে সেই ফোনালাপ ও ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয় হোসেন। পরে মেয়েটি তার বাবা-মাকে ঘটনাটি জানায়।
এ নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্জাকের সঙ্গে হোসেনের বাকবিতণ্ডা চলছিল। সকালে তাদের মধ্যে ফের ঝগড়া হলে হোসেনকে চড় মারেন রাজ্জাক।এ সময় হোসেন রাজ্জাকের বুকে লাথি মারলে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান।পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা রাজ্জাককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
বার্তাবাজার/ডব্লিওএস