নোয়াখালীর চাটখিলে মহানবী হয়রত মোহাম্মদ (সা:) কে কটুক্তি করার অভিযোগে এক সনাতন ধর্মাবলম্বী (হিন্দু) যুবককে আটক করেছে চাটখিল থানা পুলিশ। আটক রাহুল দাস (২২) সিলেটের বিশ^নাথ এলাকার ভক্ত দাসের ছেলে।
সে চাটখিল উপজেলার সাহাপুর এলাকায় ভগ্নিপতির বাড়িতে থেকে স্থানীয় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। বৃহস্পতিবার দিবারাতে তাকে আটক করা হয়। মহানবীকে কটুক্তি করার কথা শুনে স্থানীয় ধর্মপ্রান জনতার মাঝে উত্তেজনা দেখা দেয়।
স্থানীয়রা জানায়, সাহাপুর বাজারের ভূইয়া ক্লথ স্টোরের কর্মচারী রাহুল দাস বৃহস্পতিবার সন্ধ্যায় দোকানে বসা অবস্থায় মহানবী (সা:) কে কটাক্ষ করে কথা বলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুসুল্লিরা তাকে অবরুদ্ধ করে রাখে।
খবর শুনে চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম পুলিশ ফোর্স নিয়ে এসে রাহুলকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ তাকে আটক করে নিয়ে আসার সময় উত্তেজিত জনতা বাধা দেয় ও অবরুদ্ধ করে রাখে। পরে মধ্যরাত পর্যন্ত হাজার হাজার মুসলমান সাহাপুর বাজারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরিস্থিতি শান্ত রাখতে রাতভর ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখা হয়। তবে আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
বার্তাবাজার/এমকে