চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট হতে ৭০টি স্বর্ণের বার উদ্ধার করেন জাতীয় গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের কর্মকর্তাবৃন্দ।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে মাসকাট থেকে সালাম এয়ারের যাত্রীরা বিমান থেকে নামার বিমানবন্দরের টয়লেট থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ৭০পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৮ কেজি ১৭০ এবং বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান জানান, গোপন সূত্রে স্বর্ণ চোরাচালানের বিষয়ে আগে থেকেই জানা ছিল বলে বিমানবন্দরে যাত্রী আসা যাওয়ার উপর কড়া নজরদারির ব্যবস্থা করা হয়।
যা বুজতে পেরে স্বর্ণ বহনকারী যাত্রী কৌশলে বিমানবন্দরের টয়লেটে উক্ত স্বর্ণের চালান রেখে সটকে পড়ে। পরে তা জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা খুঁজে পান।
সঠিক কোন দেশ হতে কোন ফ্লাইটের যাত্রী এই চালান এনেছে তা নিশ্চিত করে বলতে না পারলেও আন্তর্জাতিক যাত্রী আগমনের কমপ্লেক্সে অবস্থিত টয়লেট থেকে স্বর্ণের বানরগুলো পাওয়া গেছে বলে জানান সরোয়ার-ই-জামান।
তিনি আরো বলেন, কাস্টম আইন অনুযায়ী জব্দকৃত স্বর্ণ সংরক্ষণ ও স্বর্ণ চোরাচালানের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বলাবাহুল্য চলতি মাসে এ নিয়ে বেশ কয়েকবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিপুল পরিমাণের বেশ কয়েকটি স্বর্ণ ও বিদেশি সিগারেটের চোরাচালান আমদানির চেষ্টা চালানো হয়। আজ শুক্রবার (২২নভেম্বর) ভোরবেলাও মদিনা হতে আগত বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ১৩৮) একটি ফ্লাইটে আসা ২৯ জন যাত্রীর কাছ থেকে ১ কোটি ৪৩ লাখ ৮৬ হাজার টাকার বিদেশি সিগারেট জব্দ করা হয়।

এর আগে চলতি মাসের ১১ নভেম্বর সকাল ১১টায় আবুধাবি থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা এক যাত্রীর কাছে ৭০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। তার তিন দিন আগে শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে শারজাহ থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসা এয়ার এরাবিয়া জি ৯-৫২৮ ফ্লাইটের মোহাম্মদ আবু আল হাসান নামের এক যাত্রীর লাগেজ থেকে ডানহিল ব্রান্ডের ১৩৬ কার্টন সিগারেট উদ্ধার করেন এনএসআই এর কর্মকর্তারা।
বার্তাবাজার/এমকে