পরিবহন শ্রমিকদের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬, বিআরটিসি চলতে দেবে না পুলিশ

বিআরটিসি’র দোতলা বাস চলাকে কেন্দ্র করে দিনাজপুরে বিআরটিসি শ্রমিক ও সাধারণ পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয় জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল ৩টার দিকে এ সংঘর্ষ ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে দিনাজপুর-পঞ্চগড় ও দিনাজপুর-রংপুর রুটে চলাচলের জন্য দিনাজপুরে বিআরটিসির ছয়টি দোতলা বাস আসে। বৃহস্পতিবার দুপুরে ওই বাসগুলো চলাচলের জন্য জেলা প্রশাসন অনুমতি দেয়। এদিন বিকাল ৩টার দিকে দিনাজপুর থেকে রংপুরের উদ্দেশে একটি দোতলা বাস ছাড়লে রাস্তায় বাধা দেয় সাধারণ পরিবহন শ্রমিকরা। এ সময় বিআরটিসি বাসের শ্রমিকরা সেখানে আসলে উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষে বাসের সুপারভাইজার আসাদ ইসলাম, নিরাপত্তা প্রহরী সলিমউদ্দিন, বাবুল মিয়াসহ কমপক্ষে ছয় জন শ্রমিক আহত হয়। গুরুতর আহত আসাদ ইসলামকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পর কোতয়ালি থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর দিনাজপুর থেকে বিআরটিসির বাস আর ছেড়ে যায়নি।

এসআই আসাদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিআরটিসি বাস চলতে দেওয়া হবে না।

বার্তা বাজার/ডব্লিও এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর