পরিবহন ধর্মঘট প্রত্যাহারঃ যানচলাচল স্বাভাবিক

অবশেষে প্রত্যাহার হলো পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট। স্বাভাবিকভাবে চলছে সকল ধরণের যান।

নিরাপদ সড়ক আইন ২০১৯ সংশোধনের দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকরা বুধবার সকাল হতে পরিবহন ধর্মঘটের ডাক দেয়। এরপর হতে বিভিন্ন জেলার যাত্রী ও পন্যবাহী বাস ট্রাক সহ শহর এলাকার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়। কোথাও কোন গাড়ি চলতে দেখা গেলে আন্দোলনকারীরা চালকদের মুখে পোড়া মবিল মেখে হেনস্থা করা সহ গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয়। পরিবহন ধর্মঘটের দরুন বন্দরের পণ্য সরবরাহেও ঘটে মারাত্মক বিপর্যয়। বন্দরের অভ্যন্তরে পণ্য উঠানামা করলেও পণ্য খালাস করে কোন ট্রাক ও কাভার্ড ভ্যান নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে বন্দর হতে বের হতে পারেনি। যার দরুন দেশে বর্তমানে যেখানে পেঁয়াজ আমদানি নিয়ে নানান সমস্যা অব্যাহত ছিল। সেখানে পণ্য সরবরাহে বিঘ্ন ঘটায় অন্যান্য ভোগ্যপণ্য ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির আশঙ্কায় ভুগছিলেন ব্যবসায়ী সহ সাধারণ দেশবাসী।

এছাড়া পরিবহন চলাচল বন্ধের দরুন চাকুরীজীবি, কর্মজীবি, ব্যবসা, বানিজ্য হতে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের সহ মারাত্মক ভোগান্তির শিকার হতে হয়। স্কুল কলেজ খোলা থাকলেও অনেক শিক্ষার্থীরা স্কুল কলেজে যেতে পারেনি।

এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পরিবহন নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শুরুর পরপরই চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলার বাস চলাচল শুরু হয়ে যায়। আর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসার পর স্বাভাবিক হতে শুরু করে পণ্য পরিবহন।

বন্দর সচিব ওমর ফারুক জানান, ধর্মঘট প্রত্যাহারের পর হতে বন্দরের আমদানি রপ্তানি কাজে নিয়োজিত গাড়ি সমূহের আসা যাওয়া স্বাভাবিক হয়েছে ও পুনরোদ্দ্যমে চলছে বন্দরের কার্যক্রম।

বার্তা বাজার/ডব্লিও এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর