কিশোরী এক ক্রীড়াবিদকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ মাসুদ করিমকে টেনিস ফেডারেশনের অতিরিক্ত দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে গুলশান থানায় মামলা হয় বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদের বিরুদ্ধে।
গোলাম মোর্শেদের বিরুদ্ধে মামলাটি করেন যৌন হয়রানির শিকার ১৬ বছরের ওই টেনিস খেলোয়াড়ের চাচা। ভুক্তভোগী ওই কিশোরী প্রবাসী এক টেনিস খেলোয়াড়ের মেয়ে।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ডিউটি অফিসার এসআই সিনথিয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, গতকাল মামলা হয়েছে। একমাত্র আসামি বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ।
যৌন হয়রানির শিকার নারী ক্রীড়াবিদ- এমন সংবাদ ক্রীড়াঙ্গনে মাঝে মধ্যেই আসে। কখনও সতীর্থ, কখনও কোচ আবার কখনও কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠে গুরুতর এ অভিযোগ। গত বছর ভারোত্তোলনে ঘটেছিল এমন একটি ন্যক্কারজনক ঘটনা, কয়েক দিন আগে অ্যাথলেটিকসেও। এবার একই রকম ঘটনা ঘটলো টেনিসে।
বার্তাবাজার/এমকে