আকাশ পথে এস আলমের পেঁয়াজ আমদানি শুরু

নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য পেঁয়াজের চড়া দাম নিয়ন্ত্রণে দেশের স্বনামধন্য পরিবহন সংস্থা ও শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের মিশর ও তুরস্ক হতে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত বাস্তবায়ন হতে শুরু করেছে।

আকাশ পথে পেঁয়াজ আমদানির জন্য মিশর ও তুরস্কে বুকিং দেওয়া এস আলম গ্রুপের ১ হাজার ৭৫০ টন পেঁয়াজ ইতোমধ্যেই দেশে আসতে শুরু করেছে।

এস আলম গ্রুপের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আক্তার হাসান প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তিনি জানান, বুধবার রাতে আকাশ পথে আমদানি করা পেঁয়াজ দেশে আসতে শুরু করে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১২টায় বিসমিল্লাহ এয়ারলাইন্সের (৭৪৭) কার্গো উড়োজাহাজে ১০৫ টন পেঁয়াজ বিমানবন্দরে পৌঁছাবে। পরদিন শুক্রবার (২২ নভেম্বর) কায়রো এয়ারের একটি কার্গো প্লেনে আরো ৫৫ টন পেঁয়াজ ঢাকায় পৌঁছাবে।

তিনি আরো জানান, দেশে চলমান পেঁয়াজ সংকট সমাধানে এস আলম গ্রুপ মিশর থেকে বাল্ক ও কনটেইনারের মাধ্যমে সমুদ্রপথে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত অনুযায়ী ১১টি এলসিতে ৫৮ হাজার ৫০০ টন পেঁয়াজ আমদানি হচ্ছে। তবে সমুদ্রপথে পেঁয়াজ আনতে বেশি সময় লাগছে এখন আকাশপথেও দ্রুত পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

এস আলম গ্রুপের পেঁয়াজ আমদানির উদ্দেশ্য যেহেতু জনসেবা। সেহেতু এস আলম গ্রুপের আমদানি করা সকল পেঁয়াজ বিক্রির দায়িত্ব দেয়া হয়েছে ‘ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)’কে। যার ফলশ্রুতিতে লোকাল বাজারে পেঁয়াজ ১১০-১২০ টাকায় বেচাকেনা হলেও টিসিবির ট্রাকে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা।

বার্তা বাজার/ডব্লিও এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর