বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত রাস্তার দু’ ধারের কাটা আট ট্রলি গাছ নিয়ে যাওয়ার সময় আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জের কাঁকশিয়ালী ব্রীজের উপর থেকে এসব কাঠ জব্দ করা হয়।
এলজিইডি’র সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু জানান, সম্প্রতি ঘুর্ণিঝড় বুলবুল এর আঘাতে কালিগঞ্জ উপজেলার তাদের রাস্তার দু’পাশে লাগানো বেশ কিছু গাছ পড়ে যায়। ওই সব গাছ কখনো বেসরকারি সংস্থা সুশীলন, জেলা পরিষদ কেটে নিয়ে যাচ্ছে বলে তিনি খবর পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি উপজেলা প্রৌকশলীকে গত ১১ নভেম্বর একটি চিঠি দেন। এরপরও ওই গাছ কেটে নিয়ে যাওয়া অব্যহত রয়েছে।
সাতক্ষীরা জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামান বলেন, কালিগঞ্জ জেলা পরিষদের রাস্তার দু’পাশে লাগানো গাছ সুশীলন কেটে নিয়ে যাচ্ছে মর্মে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। এরপরও সুশীলন গাছ কেটে নিয়ে যাচ্ছে।
বেসরকারি সংস্থা সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারজ্জামান পল্টু বলেন, ২০ বছর আগে ইউনিয়ন পরিষদের সঙ্গে চুক্তি করে তারা রাস্তার দু’পাশে গাছ লাগান। সে অনুযায়ি বুলবুল ঝড়ে পড়ে যাওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে রাস্তার পাশ গাছ তাদের অংশ আছে। সে অনুযায়ি তারা ওইসব পড়ে যাওয়া গাছ কেটে নিয়ে বিক্রি করছেন।
এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মল হক রাসেলের সঙ্গে বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, জেলা পরিষদ ও সুশীলনের পক্ষ থেকে পাল্টাপাল্টি দাবি করায় সুশীলনের কেটে নেওয়া আট ট্রলি কাঠ তারা বুধবার সন্ধ্যায় কাঁকশিয়ালী ব্রীজের উপর থেকে আটক করেছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। গাছের মালিকানা নির্ধারণ সিদ্ধান্ত অনুযায়ি গাছ ছেড়ে দেওয়া হবে। নইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/ডব্লিও এস