জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘ই’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা ২০১৯ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ২১ নভেম্বর ই-ইউনিটে ৪টি বিভাগ: সংগীত বিভাগ, চারুকলা বিভাগ, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবছর ‘ই’ ইউনিটে ১৪৫টি আসনের বিপরীতে মোট আবেদন পড়ে ১,৭৭৯টি। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এক শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে ১৩৩৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে অর্থাৎ উপস্থিতির হার ছিল শতকরা প্রায় ৭৫ ভাগ।
পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ভিজিলেন্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার এবং শান্তিপূর্ণ পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর মো. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডীনের প্রতিনিধি প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুশাররাত শবনম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. নির্মল চন্দ্র সাহা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জনাব শফিকুল ইসলাম।
উল্লেখ্য, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ৫টি ইউনিটের ২৩টি বিভাগে মোট আসন সংখ্যা ছিল ১,০৬০। উল্লিখিত আসনের বিপরীতে এ ইউনিটে ৭,০০১; বি ইউনিটে- ৮,৯০৭; গ ইউনিটে- ৫,২০৩; ডি ইউনিটে- ১২,০৪০ এবং ই ইউনিটে- ১,৭৭৯টি আবেদনসহ সর্বমোট ৩৪,৯৩০টি আবেদন জমা হয়। সকল ইউনিটের ফলাফল যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট WWW.jkkniu.edu.bd তে প্রদান করা হবে।
বার্তা বাজার/ডব্লিও এস