৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ৮ বছর পর গ্রেফতার!

৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি ৮ বছর পর গ্রেফতার! দীর্ঘ ৮ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলোনা ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল জলিল মোল্লার (৪৫)। অবশেষে পুলিশের হাতে আটক হলেন তিনি।

ঘটনার বিবরণে জানা যায়, ধৃত আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ধলাই গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার ছেলে বিআরটিসি’র বাস চালক আব্দুল জলিল মোল্লা (৪৫)। ২০০৭ সালে বিআরটিসি’র বাসের চাপায় পথচারী নিহতের ঘটনায় ২০১১ সালে পঞ্চগড় জেলা আদালত চালক মো. আব্দুস সামাদকে ৫ বছরের সাজা প্রদান করে।

সাজা ঘোষণার পর থেকেই আসামি আব্দুস সামাদ মোল্লা পলাতক ছিল। এএসআই আব্দুর রহমানের অনুসন্ধানে গোপন সংবাদে জানা যায় আসামির অবস্থান। পরে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমানের দিক নির্দেশনায় আসামিকে ধরতে টিম গঠন করা হয়।

শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে আসলাম হোসেন (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং), এএসআই আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ পাবনা জেলার বেড়া থানায় অভিযান চালায়। মঙ্গলবার রাত ২ দিকে পলাতক আসামি আব্দুস সামাদ মোল্লাকে বেড়ার নাকালিয়া থেকে গ্রেফতার করা হয়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান জানান, এএসআই আব্দুর রহমান এর আগেও বেশ কয়েকজন সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার করতে অগ্রণী ভূমিকা রেখেছেন। আটককৃত আসামি আব্দুল জলিল মোল্লাকে গতকাল শাহজাদপুর কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর