‘উজান ভাটি’ খ্যাত নির্মাতা সি বি জামান হাসপাতালে

কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সি. বি. জামানকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার আনুমানিক ৯টা ৩০ মিনিটে তাকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) ভর্তি করা হয়। পরে সেখানে তাকে স্ট্রোক সেন্টারে নেওয়া হয়।

সি. বি. জামানের একমাত্র ছেলে সি. এফ. জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের এক আত্মীয়র বাসায় দাওয়াতে গিয়ে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তার চিকিৎসা চলছে। সবার কাছে বাবার জন্য দোয়া চাইছি।’

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। তিনি জানান, সি বি জামানের লেকুনার ইনফারক্ট (lacunar infarct) নামের একটি স্ট্রোক হয়েছে। সেইসঙ্গে উনার দীর্ঘদিন ধরেই উচ্চরক্তচাপ ও কিডনি ফাংশনও খারাপ এবং বয়স একটা ফ্যাক্টর। আর এসব কারণেই উনাকে নিয়ে একটু ঝামেলা হচ্ছে। তাই বলে বর্তমান অবস্থাকে আমরা আশঙ্কাজনক বলছি না,তবে তার অবস্থা আরো খারাপ হতে পারে।

তিনি আরো বলেন, যে জায়গাতে স্ট্রোকটা হয়েছে এটা ভাল জায়গা না। তবুও উনার সেরে উঠা নিয়ে আমরা আশাবাদী, বর্তমানে তিনি মাল্টিপল কনসালটেন্ট-এর অধীনে চিকিৎসাধীন আছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বাকিটা সময়ই বলে দিবে।

১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সি. বি. জামান সরাসরি চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। ‘ঝড়ের পাখি’, ‘উজান পাখি’, ‘পুরস্কার’, ‘কুসুম কলি’সহ বেশকিছু দর্শক নন্দিত চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন।

চলতি বছর ৩০ বছরের বিরতি ভেঙে ‘অ্যাডভোকেট সুরাজ’ নামের নতুন একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রবীণ এই পরিচালক। চলচ্চিত্রটিতে বলিউডের পূজা চোপড়া, হলিউডের একজন নায়িকাসহ প্রায় আটটি দেশের জনপ্রিয় শিল্পী-কলাকুশলীরা কাজ করবেন বলে জানিয়েছিলেন তিনি।

 

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর