অনুশীলনে ইনজুরিতে পড়েন মাশরাফি

বিশ্বকাপের পর থেকেই দলে নেই টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ছিলেন না তিনি। এরপর বাংলাদেশ আর কোনো ওয়ানডে খেলেনি। ফলে অনেকদিন বাইশ গজের বাইরে আছেন ম্যাশ।

তবে আসন্ন বিপিএল দিয়ে মাঠে ফিরতে চান মাশরাফি। সে লক্ষ্যে অনুশীলনেও নেমে পড়েছেন তিনি। তবে রবিবার (১৭ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করতে নেমেই ইনজুরিতে পড়েন এ ক্রিকেটার। ব্যাট করতে গিয়ে কুঁচকিতে ব্যথা পান মাশরাফি।

স্বস্তির খবর হচ্ছে, মাশরাফির চোট গুরুতর নয়। মাশরাফির ইনজুরির ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘মাশরাফির ইনজুরি গুরুতর নয়। কয়েক দিন বিশ্রাম নিলেই তিনি সেরে উঠবেন। আমাদের ফিজিও দেখেছে। আমি এখনও দেখতে পারিনি। আজকে (বুধবার) আসার কথা ছিল। তবে ফিজিও বলেছে, চোট খুব গুরুতর নয়। কয়েক দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে।’ অন্যদিকে নিজের ইনজুরির ব্যাপারে মাশরাফি বলেন, ‘হালকা একটু আঘাত পেয়েছি। তেমন কিছু নয়। কয়েক দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব।’

ইনজুরি নিয়েই ভারত সফরে যাবেন মাশরাফি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ঐতিহাসিক ইডেন টেস্ট দেখতে যাবেন এ ক্রিকেটার। অন্যদিকে এবারের বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে মাঠে নামবেন তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর