বাংলাদেশ দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর ঠিক আগেই দক্ষিণ ভারতের সন্ত্রাসবাদী সংগঠন ‘অল ইন্ডিয়া লস্কর’ হুমকি দিয়েছিল। এরপরই তারা ক্রিকেটারদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশকে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’এক প্রতিবেদনে দিল্লি পুলিশের সূত্র দিয়ে জানিয়েছে, সন্ত্রাসী হামলার মূল টার্গেট ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ যেসব রাজনীতিবিদ খেলা দেখতে যাবেন তাদের ওপরও হামলার হুমকি দেয়া হয়েছে চিঠিতে। ধারণা করা হচ্ছে, হামলার হুমকি দিয়েছে কেরালাভিত্তিক জঙ্গি ‘অল ইন্ডিয়া লস্কর’।
তারপর থেকেই কোহলির সঙ্গে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়োগ দেয়া হয়। কোহলির ছায়াসঙ্গী হিসেবেই সেই নিরাপত্তারক্ষী ঘুরছেন।মঙ্গলবার সকালেই কলকাতা শহরে পৌঁছান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কোহলি এবং সহ–অধিনায়ক আজিঙ্কা রাহানে। কলকাতা বিমানবন্দরে দেখা গেছে বিরাট কোহলি তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে টার্মিনাল থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন।
তাতেই অনুমেয় দক্ষিণ ভারতের সন্ত্রাসবাদী সংগঠনের হুমকির পর থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ভারত অধিনায়কের।
সূত্র: আজকাল
বার্তাবাজার/কেএ