লবণের দাম নিয়ে গুজব ছড়ালে হবে কঠোর শাস্তিঃ জেলা প্রশাসক

লবণের দাম নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ালে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

বুধবার (২০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, এক শ্রেণীর অসাধু কারবারিরা মিলে মিথ্যা প্রচারণার দ্বারা সাধারণ জনগণের মাঝে লবণের মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে আর্থিক ফায়দা লুটার পাঁয়তারা চালাচ্ছে। যারা এমন করছে তাদের চিহ্নিত করার ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে।

এছাড়া জনগণের স্বস্তি সাধণের লক্ষ্যে তিনি বলেন, ‘দেশে চাহিদার তুলনায় অনেক বেশি পরিমাণ লবণ মজুদ রয়েছে। লবণের কোন ঘাটতি নেই। তাই চিন্তিত হওয়ার কিছু নেই। কেহ যেন লবণের দাম বৃদ্ধির গুজবে বিভ্রান্ত না হন। এক টাকা বেশি দামেও লবণ ক্রয় না করেন। কিছু অসাধু কারবারি গুজব ছড়িয়ে লবণের কৃত্রিম সংকট সৃষ্টি করতে চাইছে। যারা এমন অবস্থার সৃষ্টি করতে চাইছে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।

উল্লেখ্য, পেঁয়াজে পচন ধরা, পেঁয়াজ আমদানিকারকদের লোকসান, সরকার কর্তৃক পেঁয়াজ আমদানি ও স্বল্প মূল্যে পেঁয়াজ বিক্রির ঘটনার পর পরই দেশ জুড়ে শুরু হয় লবণের দাম বৃদ্ধির নামে মিথ্যা প্রচারণার আতঙ্ক। যার প্রভাবে গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম মাঝিরঘাট লবণের গুদাম ও মিল থেকে সকালে ৭৪ কেজি ওজনের লবণের বস্তা ৫৮০ টাকায় বিক্রি হলেও বিকেল গড়াতেই হঠাৎ তা বেড়ে গিয়ে বস্তা প্রতি ৬২০ টাকায় বিক্রি করা হয়। তাই জেলা প্রশাসন সহ সকল সরকারি প্রতিষ্ঠান ও সংস্থা সমূহ হতে লবণের মূল্য বৃদ্ধি নিয়ে গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও লবণের মূল্য বৃদ্ধি নিয়ে গুজবে বিশ্বাস না করার আহবান জানানো হয়েছে। গুজব ছড়ানোকারিদের বিরুদ্ধে তথ্য প্রদানের মাধ্যমে জনসাধারণের সহযোগিতা চেয়ে ‘৯৯৯’এ কল করে পুলিশকে অবহিত করা সহ আরো দুটি হটলাইন নাম্বার দেওয়া হয়েছে। যেগুলো হলো- +৮৮০৩১৬৩০৩৭৫ ও ০১৬৭৯১২৩৪৫৬।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর