ঢাকার টিকাটুলীর রাজধানী মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার বিকেল ৫টায় শুরু হওয়া এই আগুন নিয়ন্ত্রণে আসে পৌনে ৭টার দিকে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে সেখানকার ব্যবসায়ীদের আত্মনার্দে পরিবেশ ভারী হয়ে উঠেছে। রাজধানী মার্কেটের আগুনে পুড়ে যাওয়া এক দোকান মালিক মোবাইল ফোনে কাঁদতে কাঁদতে তার বড় ভাইকে জানান দোকান পুড়ে যাওয়া খবর।
কান্নাজড়িত কণ্ঠে আত্মনার্দ জানিয়ে তিনি বলেন, ‘ভাই রে ভাই, কিচ্ছু নাই রে ভাই। আল্লাহু আকবর, আল্লাহু। আমি কিচ্ছু বাঁচাতে পারি নাই রে ভাই। ’ ওই মার্কেটে তার একটি কসমেটিকসের দোকান ছিল। দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল। যার সব পুড়ে ছাই হয়ে গেছে।
রাজধানী মার্কেটে মো. নজরুল ইসলাম নামের দোকান মালিক বলেন, ‘আমার দোকানের নাম আল-মদিনা কসমেটিকস। দোকানে ৫০ লাখ টাকার জিনিসপত্র ছিল, সবই পুইড়্যা গেছে। কিছুই বাকি নাই। ’
এসব কথা বলতে বলতে কেঁদে বার বার মাটিতে লুটিয়ে পড়ছিলেন তিনি। পরে তাকে দ্রুত ঘটনাস্থল থেকে একটি বাসায় নেওয়া হয়।
প্রসঙ্গত, আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানী মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বার্তাবাজার/কেএ