চট্রগ্রাম নগরীর তিন রুটে চালু হবে ১০০টি এসি বাস

জানুয়ারি থেকে নগরীর তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এসি বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পঞ্চম নির্বাচিত পরিষদের ৫২তম সাধারণ সভায় এসি বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত গ্রহণের কথা জানান মেয়র নাছির।

সভায় মেয়র বলেন, ‘পরিবহন জগতে দিন দিন নানান জটিলতা বেড়েই চলেছে। যানজট, যত্রতত্র গাড়ি পার্কিং, গাড়ি চালকদের নিয়ন্ত্রণহীন গতি, সিগনাল অমান্য সহ নানান অনিয়ম ও বিশৃঙ্খলার দরুন সাধারণ জনগণকে ভোগান্তিতে পড়তে হয়। যার পাশাপাশি রয়েছে ক্রমবর্ধমান জনসংখ্যা ও কর্মজীবির হার। চাহিদা অনুযায়ী যাতায়াতের সুব্যবস্থা না থাকাতে ভীষণ দুর্ভোগে পড়েন স্কুল, কলেজ, অফিস, আদলত সহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রী সাধারণ। তাই আউটসোর্সিং বিনিয়োগের মাধ্যমে এই বাস সার্ভিস চালু করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ২০০টি এসি বাস চালু করা হবে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে বাসগুলো দেশে আনা হবে।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে নগরীর তিনটি রুট কালুরঘাট থেকে পতেঙ্গা, লালদিঘী থেকে ভাটিয়ারি এবং নিউমার্কেট থেকে ফতেয়াবাদ রুটে চলাচল করবে তিন রঙের ১০০টি এসি বাস। এই বাসগুলো চলাচল শুরু হলে যাতায়াত ব্যবস্থা নিয়ে নগরবাসীর দুর্ভোগ অনেকটা কমে আসবে।’

জানা গেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও দেশের অন্যতম পরিবহন গ্রুপ এস আলম ইতোমধ্যে এসি বাস সার্ভিসের বিভিন্ন স্টপেজ সহ টার্মিনাল নির্মাণের জন্য সম্ভাব্য স্থান নির্ধারণের কাজ শুরু করেছে।

সভায় বিগত সভার কার্য বিবরণী আলোচনা সাপেক্ষে অনুমোদন সহ জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজ কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি সিদ্ধান্ত গ্রহণ, চসিকের ব্যবহৃত গাড়ির ভিকেল ট্র্যাকিং সিস্টেম চালু, হালিশহর গার্ভেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আধুনিকায়নসহ নানামুখী সিদ্ধান্ত বাস্তবায়নে আলোচনা করা হয়।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আবু শাহেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্যানেল মেয়রের সদস্যবৃন্দ, ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর