ইডেন গার্ডেন্সে সকাল থেকে অনুশীলন করলেও সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আসতে থাকে খারাপ খবর। ইনজুরিতে সাইফ হাসানের ছিটকে যাওয়ার পর নাঈম হাসান মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যান। তবে সুখবর হলো, আঘাত গুরুতর নয়।
অনুশীলনের শেষের দিকে একটি বল মাথায় লাগে নাঈমের। আজ বুধবার সকাল ১০টা থেকে অনুশীলন চলে। নাঈম বোলিং-ব্যাটিং দুটোই করেছিলেন। শেষ দিকে এসে বল মাথায় আঘাত লাগলে তৎক্ষনাত তাকে হাসপাতালে নিতে হয়।
দলের সঙ্গে থাকা চিকিৎসক সপ্তর্ষি বসু গণমাধ্যমে নাঈমের আঘাত নিয়ে বলেন, ‘সে মাথায় চোট পেয়েছিল। ওকে এখানে নিয়ে এসেছিল। ট্রিটমেন্ট করলাম। তবে চোট গুরুতর নয়। সিটিস্ক্যান করা হয়েছে। স্বাভাবিক আছে। একটু ব্যথা পেয়েছে।’
এর আগে সাইফ হাসান প্রথম টেস্টে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান। চোট বড় হওয়ায় তাকে শেষ পর্যন্ত ছিটকে যেতে হয় ইডেন টেস্ট থেকে। ২২ তারিখ ইডেন গার্ডেনে শুরু হবে দুই টেস্ট সিরিজের শেষ টেস্ট। এই টেস্টের মধ্য দিয়ে দুই দল ইতিহাসে প্রথমবারের মতো খেলতে নামবে দিবারাত্রির টেস্ট।
বার্তাবাজার/কেএ