নওগাঁয় অপহরণের ১২ ঘন্টা পর শিশুকে উদ্ধার; গ্রেফতার ৩

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় অপহরণের ১২ ঘন্টার মধ্যে ইব্রাহিম ওয়াশি বাবু (৩) নামের এক শিশুকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর সাথে জড়িত সন্দেহে ৩ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম এ তথ্য জানান।
অপহৃত বাবু জেলার নিয়ামতপুর উপজেলার পিরপুকুরিয়া গ্রামের শিক্ষক নাজমুল হকের ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী জেলার তানোর উপজেলার ধানোরা গ্রামের আব্দুর রহিমের ছেলে আবুল কাশেম, নিয়ামতপুর উপজেলার পিরপুকুরিয়া গ্রামের শুকুর উদ্দীনের ছেলে শামসুজ্জামান বাবু ও ছাবুরুদ্দীনের ছেলে জুয়েল হোসেন।
পুলিশ সুপার জানান, ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় ইব্রাহিম ওয়াশি বাবু নিজ বাড়ীতে তার বড় ভাই লেভিন এর সাথে ল্যাপটপ নিয়ে লেখা করছিল। এ সময় তার মা খাবার আনার জন্য অন্য ঘরে যায় ও বড় ভাই দাদার ঘরে যান। এ সুযোগে উক্ত অপহরণকারিরা বাবুকে অপহরণ করে নিয়ে যায়। বাবুকে না পেয়ে ওই রাতেই অনেক খোজাখুজি করেন তারা। পরে বাবুর বাবা নাজমুল হককে অপহরণকারীরা ০৯৬৩৮০৪৪৪৩২ নং থেকে ফোন করে বলে যে, “তোর ছেলেকে নিয়ে গেলাম যা করার করিস”। এ খবর পুলিশ জানালে পুলিশ সুপারের নির্দেশে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতারের নেতৃত্বে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, ওসি ডিবি ও ওসি নিয়ামতপুরসহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা শুরু করেন। এমতাবস্তায় বুধবার ভোর ৬টার সময় অপহরণকারীরা শিশু বাবুকে হাত-পা বাধা অবস্থায় ওই গ্রামের নজরুল ইসলামের বাড়ীর পশ্চিম দিকে এক কিলোমিটার দুরে মাঠের মধ্যে ফেলে রেখে যায়। ভিকটিমকে উদ্ধার করে এবং এর সাথে জড়িত ৩জন আসামীকে গ্রেফতার করে বলে জানান তিনি। এ ব্যাপারে নিয়ামতপুর থানায় অপহৃতার বাবা বাদী হয়ে মামলা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর