জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ভাতিজার হাতে চাচা খুন হয়েছে বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ২০ নভেম্বর বুধবার সকালে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। স্থানীয় মৃত দুল মাহমুদের ছেলে আবু বক্কর (৬৭) কে তার ভাতিজা হাবিবুর রহমান ও তার লোকজন তাকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করলে তার ডাক-চিৎকারে পরিবারের লোকজনসহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করার আগেই মৃত্যুর কোলে ঢলে পরে কৃষক আবু বক্কর। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা যায়, পশ্চিম ঝিনিয়া গ্রামের বৃদ্ধ কৃষক আবু বক্কর ও তার ভাতিজা হাবিবুর রহমান গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে ১৯ নভেম্বর মঙ্গলবার আবু বক্কর ও তার ছোটভাই আব্দুল মজিদের স্বত্বদখলীয় জমি থেকে কিছু ছন কেটে নিয়ে যায় হাবিবুর রহমান ও তার লোকজন। এর জের ধরে ২০ নভেম্বর বুধবার সকাল ৭টার দিকে আবু বক্কর ওই ছন কাটার কারণ জিজ্ঞাসা করলে হাবিবুর রহমান ও তার লোকজনের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে তারা শাবল ও লোহার রডসহ লাঠিসোটা নিয়ে আবু বক্করের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
বার্তাবাজার/ডব্লিওএস