নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকরের পর থেকে দুরপাল্লার পরিবহন শূন্য হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। বুধবার সকাল থেকেই টাঙ্গাইল থেকে জামালপুর, ময়মনসিংহসহ উত্তর ও দক্ষিণবঙ্গের দুরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতুপুর্ব রেলস্টেশন কতৃপক্ষ।
উল্লেখ্য,নতুন সড়ক আইন ১ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও গত দুই সপ্তাহ ধরে আইন পালনে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছে কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনী। এর ফলে দুই সপ্তাহ শিথিল ছিলো নতুন আইনের কার্যকারিতা। নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে গত সোমবার থেকে টাঙ্গাইলে ধর্মঘট পালন শুরু করে পরিবহন শ্রমিকরা। বুধবার জেলায় পরিবহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এ কারণে দূরপাল্লার কোনো পরিবহনই টাঙ্গাইল থেকে ছেড়ে যায়নি। উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে সকাল থেকে অল্প কিছু পরিবহন সেতু পাড় হয়েছে। যা স্বাভাবিকের তুলনায় খুবই সামান্য বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ।
বার্তাবাজার/ডব্লিওএস