রাউজানে বিপুল পরিমাণ অস্ত্রসহ আলম ডাকাত গ্রেফতার

রাউজান উপজেলার পূর্ব রাউজান শামসু টিলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম সহ তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত মোহাম্মদ আলমগীর প্রকাশ আলমকে (৪১) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে গ্রেফতারের বিষয়টি জানায় চট্টগ্রাম জেলা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে আলমগীর প্রকাশ আলম ডাকাতকে গ্রেফতার করে রাউজান থানা পু্লিশ।

অতিরিক্ত পু্লিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দীন মাহমুদ সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান উপজেলার পূর্ব রাউজানে শামসু টিলা এলাকায় অভিযান চালিয়ে ১৭টি অস্ত্রসহ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ আলমগীর প্রকাশ আলম ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে আলমগীরের আস্তানা থেকে ১৭টি অস্ত্র, একটি ম্যাগাজিন, সাত রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম সহ দা ও ছুরি দা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, অভিযানে রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ সহ বেশ কয়েকজন পু্লিশ সদস্য আহত হয়েছে। উল্লেখ্য, আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চুরি, ডাকাতি সহ নানান অভিযোগে মোট ১৭টি মামলা রয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর